জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মুহূর্তে বাংলাদেশি নাগরিক দাবি করে সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষ প্রবেশ (পুশ-ইন) করানোর বিষয়টি পুরোপুরি ‘অগ্রহণযোগ্য’। বুধবার (৭ মে) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন।
দেশের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) ড. খলিল বলেন, ‘ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর পাচ্ছি। দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানাতে হবে। এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। নয়াদিল্লির কাছে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের বলা হয়েছে-কোনো বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের পাঠানো যেতো।’
উপদেষ্টা আরও বলেছেন, প্রতিটি ‘পুশ-ইন’ এর ব্যাপারে বাংলাদেশ আলাদাভাবে যাচাই করছে। ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ২৪ ঘণ্টায় প্রায় শতাধিক মানুষকে পুশ-ইনের ঘটনা ঘটেছে বলে বিজিবি’র মাধ্যমে রিপোর্ট পেয়েছে সরকার।
অপরদিকে, কুড়িগ্রামে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের রৌমারী বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। তারা জানিয়েছে যে, বিএসএফ সদস্যরা তাদের বুধবার ভোরে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়েছে।
Editor’s Panel/Nasir


