ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর প্রাক্তন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. শফিকুল ইসলাম খান (এফ/৬১৯০) ইন্তেকাল করেছেন। তার মৃত্যুকে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে আইইবি কর্তৃপক্ষ। অপপ্রচারের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি ইজাহার দায়ের করেছে সংগঠনটি। মঙ্গলবার (১৩ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান বলেছেন, সোমবার (১২ মে) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যু সনদে মৃত্যুর কারণ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে, মৃত ব্যক্তির ম্যাসিভ হেমারেজ, নিউমোনিয়া, কিডনি ইনজুরি, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। অর্থাৎ তার মৃত্যুতে কোনো বাহ্যিক ইনজুরি নেই। এ ঘটনায় আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজুসহ নেতারা গভীর শোক প্রকাশ করেন।
এ সময় রিয়াজুল ইসলাম বলেন, ‘অনাকাঙ্খিত মৃত্যু নিয়ে ‘কাইউম-হাবলু-মাহফুজ-ফজলু গং’ ন্যাক্কারজনক এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। গত শনিবার (১০ মে) বিকেলে আইইবি’র এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং (ইওজিএম) ঢাকার আইইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে আগত প্রকৌশলীদের উপর ‘কাইউম-হাবলু-মাহফুজ-ফজলু গং’দের প্রত্যক্ষ অংশগ্রহণে বহিরাগত একশ থেকে দেড়শজন সন্ত্রাসী উদ্দেশ্য প্রণোদিত হামলা করে। তারা প্রকৌশলীদের উপর ইট-পাটকেল, গরম পানিসহ কেটলী ও মরিচের গুড়া ব্যবহার করে হামলা চালায়। এই সময় হামলায় প্রকৌশলী ও পুলিশসহ ১০/১২ জন আহত হন। কয়েকজনের অবস্থা গুরুতর’।
সাধারণ সম্পাদক জানান, ‘ইতোমধ্যে জানতে পারি যে, আমাদের সহকর্মী শফিকুল ইসলাম খান স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। কিন্তু তার মৃত্যুকে নিয়ে অপরাজনীতিকারী, মিথ্যা তথ্য প্রদানকারী এবং আইইবির ভাবমূর্তি ক্ষুন্নকারীদের প্রকৌশলী সমাজ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইইবির কাউন্সিল সদস্য আশরাফ উদ্দিন বকুল, ভাইস প্রেসিডেন্ট শেখ আল-আমিন, খান মঞ্জুর মোর্শেদ, নিয়াজ উদ্দিন ভুঁইয়া, এটিএম তানভীরুল হাসান তমাল, আইইবি-ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ড. হেলাল উদ্দিন তালুকদার, সেক্রেটারি একেএম আসাদুজ্জামান চুন্নু, সহকারী সাধারণ সম্পাদক আহসানুল রাসেল, সাব্বির আহমেদ ওসমানী, নূর আমিন লালন ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
Editor’s Panel/Nasir


