প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। শনিবার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাল্টিপারপাস কনফারেন্স হলে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’ এর শুভ উদ্বোধন এবং ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা এ আহ্বান জানান।
শিক্ষা উপদেষ্টা বলেছেন, ‘শিক্ষকতা একটি মহান পেশা এটা বুলি নয়। শিক্ষকরা শুধু চাকরি করতে আসেন না, শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলার দায়িত্ব তারা নিয়েছেন। আমাদের সম্পদের অপ্রতুলতার কারণে শিক্ষকদের প্রাপ্য সম্মান দিতে পারছি না। কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে-এই মহান পেশায় যে শিক্ষকরা রয়েছেন, তাদের প্রাপ্য সম্মান দেয়া। প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখবো।’
সি আর আবরার বলেন, ‘গভর্নিং বডি ছাড়া যারা অভিভাবক রয়েছেন, তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর রাখেন- তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমস্যা থাকবে না। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃতি, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করলে শিক্ষার্থীরা উৎসাহিত হবে, পড়াশোনার পাশাপাশি তাদের প্রতিভার বিকাশ ঘটবে। এসব আয়োজনে অভিভাবক ও সমাজের সব স্তরের লোকজনের সহযোগিতা প্রয়োজন।’
তিনি বলেন, ‘রাষ্ট্রের উচিত এই শিশুদের এমন পরিবেশ সৃষ্টি করে দেয়া, যাতে তার সুপ্ত প্রতিভাগুলো বিকশ ঘটাতে পারে। শিক্ষা শুধু চাকরি বা ব্যবসা করার জন্য না। শিক্ষা হচ্ছে একজনকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যাতে তার মধ্যে ন্যায়নীতি প্রতিষ্ঠা লাভ করে।’ শিক্ষার্থীদের ওপর থেকে পড়ার চাপ কমিয়ে তাদের নাচ, গান, আবৃতি ও খেলাধুলায় আগ্রহী করে তোলার আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
Editor’s Panel/Nasir


