ভারতের বিহারে গঙ্গা নদীতে নৌকা উল্টে ১৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নৌকাটিতে করে শিশুরা হিন্দু ধর্মাবলম্বীদের একটি উৎসবে যাচ্ছিল। তবে এতে অতিরিক্ত যাত্রী ছিল। পরে নৌকাটি উল্টে গেলে শিশুগুলো প্রাণ হারায়।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিহারের পূর্বাঞ্চলের বৈশালী জেলায় নৌকা উল্টে যাওয়ার ঘটনাটি ঘটে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নৌ দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন।
জানা গেছে, নৌকা উল্টে যাওয়ার পর পর সেখানে উদ্ধার অভিযান শুরু করেন স্থানীয়রা। তারা মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে নদীতে পড়ে যাওয়া শিশুদের তোলার চেষ্টা করেন। এরমধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে দুজনের অবস্থা গুরুতর। আর মৃত অবস্থায় নদী থেকে পাওয়া যায় ১৩ শিশুর নিথর দেহ।


