আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমরা বিএনপিকে ক্যাটাগরিক্যালি বলেছি, নির্বাচন কোনোভাবেই ২০২৬ সনের জুনের পরে যাবে না। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরো জাতির প্রতি’। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রায় দুই ঘণ্টাব্যাপীর বৈঠক শেষে বের হয়ে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।
অপরদিকে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে বিএনপির ভিন্নমত আছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘একটা বিষয় নিয়ে ভিন্নমত হতে পারে, ওনারা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করলে ভাল হয়। আমরা এখানে বলেছি, আমাদের কারো কারো কথার মধ্যে যদি অস্পষ্টতা থাকে, আমাদের মধ্যে কোন প্রতিষ্ঠান যে যায় বলুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যেটা বার বার বলেছেন সেটাই আমাদের সরকারের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাঁস কথা বা নিজস্ব বিবেচনায় কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। ড. মুহাম্মদ ইউনূস প্রথম থেকেই বলেছেন ২০২৫ সনের ডিসেম্বর থেকে ২০২৬ সনের জুন’।
আইন উপদেষ্টা আরও বলেন, ‘বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে। ডিসেম্বর থেকে জুন এর মধ্যে নির্বাচন মানে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে নির্বাচন করবো সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। যদি ডিসেম্বরেই সম্ভব হয়, ডিসেম্বরে, যদি জানুয়ারিতে সম্ভব হয় জানুয়ারিতে, আমরা এভাবে বুঝিয়েছি। অকারণে একমাস, দুই মাস অতিরিক্ত ক্ষমতায় থাকলাম, মোটেই এটা না। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব।
তিনি বলেন, ‘বিএনপি থেকে জানতে চাওয়া হয়েছে, সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার কি আছে? আমরা স্পষ্ট করে বুঝিয়েছি, জুলাই চার্টার প্রস্তুত হয়ে গেলেও আইনগত বিষয় আছে, নীতিগত বিষয় আছে সেগুলো গ্রহণ করতে সময় লাগে। যেমন ডিজিটাল সুরক্ষা আইন আমরা ২৩ বার ড্রাফট করেছি, বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছি এবং বেশ কয়েকমাস সময় লেগেছে। আমরাতো জুলাই চার্টারে পিনপয়েন্ট করতে পারবো না। অংশীজনের সঙ্গে কথা বলবো সে জন্য কিছুটা সময় লাগবে’।
সরকারের এই উপদেষ্টা জানান, ‘আজকে বাংলাদেশে এত হাজারের অধিক জীবন দিয়েছে, ৫০/৬০ হাজার মানুষ সারাজীবনের জন্য শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচারের যে দাবি এটাতো জনআকাঙ্ক্ষা আছে। আমরা যদি কোন বিচার না করে যাই, তাহলে আমরা মানুষের কাছে, নিজের কাছে জবাব দিবো কিভাবে? শুধু ইলেকশন, সংস্কার, বিচার ও আমাদের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে জুন টাইমলাইনটা বলা হয়’।
Editors panel/Nasir


