
অন্তর্বর্তী সরকার সোমবার (২ জুন) ঘোষণা করতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। নতুন বছরের এ বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পরে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে পাস হবে।
বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে বিকেল ৩টায় সম্প্রচারিত হবে। এছাড়াও, ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে বাজেট ভাষণটি একই সময়ে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট পেশ করা হতে পারে। এতে উন্নয়ন ব্যয় ধরা হতে পারে ২ লাখ ৪৫ হাজার ৬০৮ কোটি টাকা। আর পরিচালন ব্যয় ধরা হতে পারে ৫ লাখ ৪৪ হাজার ৩৮৯ কোটি টাকা।
মূল্যস্ফীতির লাগাম টানার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে এবারের বাজেটে। মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা থাকতে পারে আসন্ন বাজেটে। করের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সক্ষমতা বাড়াতে করনীতিতে আসতে পারে বড় পরিবর্তন। শিল্পখাতের কর অব্যাহতির মেয়াদ ৩০ জুনের পর আর না বাড়ানোর সিদ্ধান্তও আসতে পারে।
আগামী অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ ধরা হতে পারে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার এরইমধ্যে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এদিকে, নতুন অর্থবছরে বাড়ছে না করমুক্ত ব্যক্তি আয়সীমা।
প্রস্তাবিত এই বাজেট পাস হলে এটি হবে দেশের ৫৪তম এবং অন্তবর্তীকালীন সরকার ও অর্থ উপদেষ্টার প্রথম বাজেট।
Editor’s Panel/Disha
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com