বাংলাভয়েস প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা হয়েছে। তবে তিনি সুনির্দিষ্ট কোনো ডেডলাইন দেননি। ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে যে সময় দিয়েছে ডিসেম্বর থেকে জুন এ বার্তায় আমরা একেবারেই সন্তুষ্ট নই’।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে প্রায় পৌনে দুই ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, এ ছাড়াও আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে’।
অপরদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শেষে বের হয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা বিএনপিকে ক্যাটাগরিক্যালি বলেছি, নির্বাচন কোনোভাবেই ২০২৬ সালের জুনের পরে যাবে না। যে যায় কথা বলুক না কেন, এটা প্রধান পুরো জাতির প্রতি উপদেষ্টার অঙ্গীকার। এটা বার বার তিনি বলেছেন’।
এ ছাড়াও ঐকমত্য কমিশনের প্রস্তাবনা বিষয়ে বিএনপি অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা বলেছে, ২/৩ দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে তারা বসছে। অধিকাংশ সংস্কার প্রস্তাবের সঙ্গে তারা ঐকমত্য পোষণ করে। জুলাই চার্টার তৈরি হয়ে যাবে সেটাও তারা আমাদের আশ্বাস দিয়েছেন। আমাদের কাছে মনে হয়েছে যে, বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক’।
Editors panel/Nasir


