সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মক্কায় একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত বাংলাদেশি এক নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় ‘আজেল নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয় এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নাম নাজেরুল ইসলাম আব্দুল বসির ও সিতি আক্তার। তারা উভয়ই বাংলাদেশি নাগরিক।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের পর নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। আর মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার দায়ে, সে দেশের একটি আদালত তাদের দোষী সাব্যস্ত করে।
মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তীতে মামলাটি একটি উপযুক্ত আদালতে পাঠানো হয়। আদালত তাদের দোষী সাব্যস্ত করে এবং অপরাধের গুরুত্ব এবং পবিত্র স্থান ও সময়ের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের মৃত্যুদণ্ড প্রদান করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রায় বহাল রাখে এবং দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। আর বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।


