বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা’র চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, ডেনমার্ক ভিত্তিক শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠান এপি মোলার মায়ের্স্ক (এপিএম) চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রকল্পে প্রত্যক্ষভাবে এই বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসবে। বাংলাদেশের পক্ষ থেকে এখানে কোনো বিনিয়োগ করা হবে না। বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে বন্দরগুলোর উন্নয়ন জরুরি। এ জন্য বিশ্বসেরা বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের কাজ করতে হবে।’ এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অপরদিকে, ২০২৪ সালে লালদিয়া টার্মিনালে কার্যক্রম শুরু করে এপিএম টার্মিনালস। শুরুতে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা থাকলেও বৃহস্পতিবার বেজা-চেয়ারম্যান জানিয়েছেন, বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ৮০০ মিলিয়ন ডলার করা হয়েছে। এপি মোলার মায়ের্স্ক-এর সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বাংলাদেশে প্রথমবারের মতো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ও সরকার-থেকে-সরকার ভিত্তিতে বিওটি (বিল্ড-অপারেট-ট্রান্সফার) পদ্ধতিতে এই প্রকল্প বাস্তবায়ন করবে।
Editor’s Panel/Habib


