বরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন তিনি। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অধ্যাপক যতীন সরকার মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে লেখক সমাজ, শিক্ষক সমাজসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন যতীন সরকার। প্রগতিশীল এই চিন্তাবিদ ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। ১৯৬০-এর দশক থেকে তিনি ময়মনসিংহ শহরের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১০ সালে স্বাধীনতা পদক অর্জন করেন তিনি। এছাড়া বাংলা একাডেমি পুরস্কার, খালেকদাদ সাহিত্য পুরস্কার ও হিমু পাঠক আড্ডা পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন।
এডিটরস প্যানেল/দিশা


