সাড়ে ৭ হাজার প্রবাসী বাংলাদেশি বর্তমানে সৌদি আরবের বিভিন্ন শহরের কারাগারে আটম রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ২৩ অক্টোবর (শুক্রবার) সৌদি আরবে হুথিদের হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের লাশ হস্তান্তরের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সম্প্রতি মক্কার এক মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য না পাওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমাদের মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যে দুজন বাংলাদেশির শিরচ্ছেদ করা হয়েছে, তাদের ব্যাপারে সৌদি সরকারের পক্ষ থেকে আর কোনো বিস্তারিত তথ্য আমাদের দেওয়া হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন সময় আমাদের কাছে একটি তালিকা পাঠায়। বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়ে আমাদের নাগরিকেরা জেলে থাকেন-সেই বিষয়ে তারা আমাদের অবহিত করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি সেখানে কারাগারে আছেন।
অপরদিকে, গত ১৪ অক্টোবর নজরুল ইসলাম ও সুইটি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে এই সাজা কার্যকরের আগে বিষয়টি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। খবরটি সংবাদমাধ্যমে আসার পর সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য ও রায়ের কপির জন্য চিঠি পাঠায় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
পরবর্তী পদক্ষেপের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা সৌদি সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি রায়ের কপির জন্য। রায়ের কপি পেলেই আমরা জানতে পারব আসলে কী ঘটনা ঘটেছিল। পাশাপাশি ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকেও এবিষয়ে আলোচনা করা হয়েছে।
স্থানীয় আইনি কাঠামোর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, প্রত্যেক দেশের নিজস্ব বিচারব্যবস্থা রয়েছে এবং সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয়। তবে কোনো বিদেশি নাগরিকের ক্ষেত্রে এ ধরনের সাজা হলে তা সংশ্লিষ্ট দেশকে জানানো প্রয়োজন। আমরা বিস্তারিত জানতে চাই, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।


