বাংলাভয়েস প্রতিবেদক :
হাজারো প্রাণের উচ্ছ্বাসে নতুন বাংলা বছর ১৪৩২কে বরণ করেছে বাঙালী জাতি। সোমবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে সকাল ৯টায় শুরু হয় বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার র্যালি। এটি দোয়েল চত্বর-টিএসসি হয়ে ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার চারুকলা অনুষদের সামনে এসে বেলা সাড়ে দশটায় শেষ হয়েছে।
এবারের বর্ষবরণের প্রতিপাদ্য হচ্ছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ঢাবি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ওই দেশের পতাকা ও প্রতীকী মোটিফ ব্যবহৃত হয়। এবারের শোভাযাত্রায় মূল মোটিফ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’।
এ ছাড়াও পায়রা, তরমুজের ফালি, জাতীয় মাছ ইলিশ, পালকী, গরুর গাড়ি, রয়েল বেঙ্গল টাইগার এবং বিগত সরকার পতন আন্দোলনে আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’ এর শিল্পরূপ প্রদর্শিত হয়েছে। র্যালিতে ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফসহ মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে।


