বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-২৬ ডিসেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।
তিনি জানান, জুমার নামাজের পর তার বাবার সমাধিতে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। এ সময় তার সঙ্গে থাকবেন দলের নেতাকর্মীরা। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান।
এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি, জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তন করেছেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পরদিনই তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।


