ব্যতিক্রমী এক আয়োজন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। প্রায় ১৫ ঘণ্টা ধরে টানা সংবাদ সম্মেলন করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। শনিবার (৩ মে) স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়ে রাত ১২টার পর শেষ হয় এই আয়োজন। অনুষ্ঠানে সময়ের বিস্তার ছিল মোট ১৪ ঘণ্টা ৫৪ মিনিট।
ওই দেশের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, মাঝে শুধু নামাজের বিরতিই ছিল। এ ছাড়া আর কোনো বিরতি নেননি প্রেসিডেন্ট। এই রেকর্ড গড়ে মুইজ্জু ছাপিয়ে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। এর আগে ২০১৯ সালে প্রায় ১৪ ঘণ্টা প্রেস কনফারেন্স করে জেলেনস্কি পূর্ববর্তী রেকর্ড (৭ ঘণ্টার বেশি) ভেঙেছিলেন।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, দীর্ঘ এই সংবাদ সম্মেলন বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়। প্রেসিডেন্ট মুইজ্জু সাংবাদিকদের প্রশ্নের পাশাপাশি সাধারণ মানুষের পাঠানো প্রশ্নেরও উত্তর দিয়েছেন। মুইজ্জু বলেন, ‘প্রেসের ভূমিকা সমাজে অপরিহার্য এবং সাংবাদিকতা হতে হবে তথ্যভিত্তিক, ভারসাম্যপূর্ণ ও পক্ষপাতহীন।’
অপরদিকে, রিপোর্টার্স উইদআউট বর্ডারস প্রকাশিত ২০২৫ সালের প্রেস ফ্রিডম ইনডেক্সে দুই ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে মালদ্বীপ, যা দেশের অগ্রগতির প্রমাণ। জানা গেছে, ২০ জনের ও বেশি সাংবাদিক এতে অংশ নেন। সংবাদ সম্মেলনে তাদের জন্য খাবারের ব্যবস্থাও রাখা হয়েছিল।
প্রসঙ্গত, মালদ্বীপের আরেক সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ২০০৯ সালে বিশ্বে প্রথম পানির নিচে মন্ত্রিসভা বৈঠক করে নজর কাড়েন। ওই বৈঠকে তারা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তনে সৃষ্ট হুমকি তুলে ধরেন। এই দ্বীপরাষ্ট্রটি ১১৯২টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এবং জলবায়ুু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে।
Editor’s panel/Nasir


