খুলনায় ইজিবাইক ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকালে ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সাত যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনা নগরীর গল্লামারীর দিকে আসছিল। যাত্রীবাহী ইজিবাইকটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইক চালক মোজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। তবে নিহত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যেন যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি উদ্ধার করে। ঘটনার পরপরই পিকআপ চালক ও হেলপার পালিয়ে যায়।
এডিটরস প্যানেল/দিশা


