বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেছেন, বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে আগ্রহী। তিনি সোমবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান।
ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপক্ষীয় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের দেশের শ্রমিকরা বেশ দক্ষতার সঙ্গে ইতালিতে কাজ করছেন। নিয়োগকর্তারা তাদের কাজে খুশি। এ জন্য ইতালি বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছে।
উপদেষ্টা বলেন, ‘মধ্যপ্রাচ্যের পর ইউরোপের দেশগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বেশি শ্রমিক কাজ করছে ইতালিতে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেছেন, আমাদের শ্রমিকরা যাতে বৈধ ভিসা নিয়ে সে দেশে যায়। অনেক শ্রমিক লিবিয়া বা অন্য কোনো দেশের ভিসা নিয়ে সাগরপথে অবৈধভাবে ইতালিতে যায়। স্বাভাবিকভাবে সেখানে বেশ কিছু শ্রমিক অবৈধভাবে বসবাস করছেন। আমি ওই শ্রমিকদের বৈধ করে নেয়ার জন্য অনুরোধ করেছি।’
Editor’s panel/Nasir


