পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) বলেছে, আত্মরক্ষার স্বার্থে পাকিস্তান নিজেদের মতো করে, যে কোনো সময় ও যে কোনো পদ্ধতিতে পাল্টা জবাব দেয়ার অধিকার রাখে। বুধবার (৬ মে) কমিটির জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। তারা বলেছেন, পাকিস্তান সেনাবাহিনীকে যে কোনো ধরনের ‘পাল্টা ব্যবস্থা গ্রহণে’ পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে।
জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে এনএসসি জানায়, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি এবং তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেয়ার জন্য যে কোনো সময়, স্থান ও পদ্ধতিতে আত্মরক্ষায় প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারতের নগ্ন আগ্রাসনে আমরা গভীরভাবে ব্যথিত। তবে পুরো জাতি পাকিস্তান সশস্ত্র বাহিনীর সাহস ও সময়োপযোগী পদক্ষেপের জন্য গর্বিত এবং তাদের পাশে আছে। যে কোনো ভবিষ্যৎ আগ্রাসনের মুখেও জাতি ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে অস্ত্রধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারান। এ ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ করে আসছিল ভারত। তবে কোনো প্রমাণ ছাড়াই এ অভিযোগ করা হচ্ছে দাবি করে পাকিস্তান তা শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে।
পহেলগাঁওয়ের ঘটনার প্রতিক্রয়ায় ভারত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ চালায়। নয়াদিল্লির দাবি, এই অভিযানে পাকিস্তানে অবস্থিত একাধিক জঙ্গি আস্তানায় হামলা চালানো হয়েছে। এই হামলায় ২৬ পাকিস্তানি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৬ জন। জবাবে ভারতশাসিত কাশ্মীরে পাকিস্তানি পাল্টা হামলায় ১০ জন নিহত এবং আহত হন আরও অন্তত ৩২ জন নাগরিক।
Editor’s Panel/Nasir


