জনপ্রিয় হচ্ছে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় যাওয়ার বাস রুট। এখন খুব সহজেই যাওয়া যায় এ পথে। কম খরচ ও আরামদায়ক হওয়ায় পর্যটকরা এ রুটে অবাধে যাতায়াত করছেন।
সম্প্রতি ভ্রমণ করা এক পর্যটক জানিয়েছেন, ‘সিঙ্গাপুরের বিচ রোডের গোল্ডেন মাইল টাওয়ার থেকে স্টার মার্ট এক্সপ্রেসে মালয়েশিয়ার বুর্জ টাইমস স্কয়ারে গিয়েছিলাম। ওই স্থান থেকে প্রতি ঘণ্টায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে বাস ছেড়ে যায়। এ সময় যাত্রাপথ এবং খরচ আপনার পছন্দমতো নির্বাচন করতে পারবেন। স্টার মার্ট এক্সপ্রেস বেশ জনপ্রিয় বাস সার্ভিস। যা বেশ আরামদায়ক এবং নির্ভরযোগ্য।’
তিনি বলেছেন, গোল্ডেন মাইল টাওয়ার নিচতলায় অবস্থিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। তবে ইজিবুক ডট কম থেকেও (www.easybook.com) বাসের টিকিট বুকিং করা যায়। বছরজুড়ে এখানে নানা রকম অফার চলে। ফলে বাসের টিকিট সংগ্রহে ভালো ডিসকাউন্ট পাওয়া যায়। মনে রাখবেন, ইজিবুক বা অন্য কোন ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করলে অবশ্যই বাসের কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করে নিতে হবে। স্টার মার্ট এক্সপ্রেসে পাওয়া যাবে আরামদায়ক সিট, শীতাতপ নিয়ন্ত্রিত বাস এবং সময়মতো সেবা।
জানা গেছে, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য ইজিবুক থেকে টিকিট সংগ্রহ করতে জনপ্রতি খরচ হয় ২৬ ইউএস ডলার
তবে আপনার ভ্রমণের সময় অনুসারে হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে। এ ক্ষেত্রে আপনি যদি যাওয়ার দিন সকালে টিকিট সংগ্রহ করেন তাহলে ১৫ ইউএস ডলারেও পেতে পারেন। বাসের ৩-৪টি সিট খালি থাকলে টিকিটের দাম কমে যায়।
ইমিগ্রেশন প্রক্রিয়া: বাস ছাড়ার প্রায় ২০ মিনিট পর সিঙ্গাপুরের ইমিগ্রেশন পয়েন্টে পৌঁছায়। এখানে বাস থেকে নেমে নিজের পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন বুথে যেতে হবে। সেখানে ইমিগ্রেশন প্রক্রিয়াটি দ্রুত এবং সহজ। সিঙ্গাপুর ইমিগ্রেশন শেষ করে একটি দীর্ঘ সেতু পার হয়ে ১০ মিনিটেই মালয়েশিয়ার ইমিগ্রেশন পয়েন্টে যাওয়া যায়। সেখানে ব্যাগপত্র বাস থেকে নামিয়ে স্ক্যান করতে হবে। মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রক্রিয়াটি একটু বেশি সময় নিতে পারে, তাই ধৈর্য ধরুন। একই বাসে আবার উঠে যাত্রা শুরু করতে হবে।
প্রাকৃতিক সৌন্দর্য: সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য আপনার মনকে বিমোহিত করবে। রাস্তার দুই পাশে বিশাল পাম বাগান এবং সবুজ প্রান্তর চোখে পড়বে। মালয়েশিয়ার গ্রামীণ এলাকাগুলো দেখতে খুবই সুন্দর, যা আপনাকে আরামদায়ক অনুভূতি দেবে। এই যাত্রা ৫-৬ ঘণ্টা সময় নিতে পারে, তবে প্রাকৃতিক সৌন্দর্য এবং আরামদায়ক পরিবেশের জন্য সময়ের কোনো অভাব অনুভূত হবে না।
গন্তব্যে পৌঁছানো: সিঙ্গাপুর থেকে বাস মালয়েশিয়ার বুর্জ টাইমস স্কয়ার-এ থামে। এটি কুয়ালালামপুরের একটি প্রধান এবং ব্যস্ত এলাকা। সেখানে পৌঁছানোর পর আপনি আশেপাশে হোটেলগুলোর একটিতে চেক-ইন করতে পারেন অথবা স্থানীয় ট্যাক্সি বা গ্র্যাব অ্যাপ ব্যবহার করে আপনার নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন।
Editor’s Panel/Habib


