থাইল্যান্ডগামী ভ্রমণকারীদের জন্য ২০২৫ সালের মে মাস থেকে চালু হয়েছে নতুন নিয়ম। বর্তমানে দেশটিতে প্রবেশ করতে হলে সব অ-থাই নাগরিককে বাধ্যতামূলকভাবে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিইএসি) পূরণ করতে হবে।
জানা গেছে, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষসহ ঢাকা থেকে থাইল্যান্ডের রুটে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোকে বিষয়টি অবগত করে একটি চিঠি দিয়েছে থাই ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
চিঠিতে বলা হয়েছে, এটি একটি অনলাইন ফর্ম, যা যাত্রীরা আগাম পূরণ করে জমা দেবেন থাই ইমিগ্রেশন ওয়েবসাইটে। থাইল্যান্ডে প্রবেশের কমপক্ষে ৩ দিন আগে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই নতুন ব্যবস্থার আওতায় বিমান, স্থল ও জলপথে প্রবেশকারী যাত্রীদের জন্যই নিয়মটি প্রযোজ্য হবে। অর্থাৎ, থাইল্যান্ডে যে ভাবেই প্রবেশ করুন না কেন, ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণ না করলে প্রবেশে সমস্যা হতে পারে। আবেদন করতে হবে www.tdac.immigration.go.th ওয়েবসাইটে।

ওই দেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রক্রিয়াটি চালু করার মূল উদ্দেশ্য-প্রবেশ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করা। আগে-ভাগে যাত্রীদের তথ্য হাতে থাকলে বিমানবন্দরে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না এবং ইমিগ্রেশন চেকও দ্রুত হবে। এই ঘোষণার পরপরই থাইল্যান্ডের ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইন্সগুলোকে অনুরোধ জানানো হয়েছে যেন তারা তাদের যাত্রীদের কাছে বিষয়টি দ্রুত পৌঁছে দেয়।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে প্রতিবছর কয়েক হাজার বাংলাদেশি থাইল্যান্ডে চিকিৎসা ও অবকাশ যাপনের উদ্দেশ্যে যান। অনেক সময় পরিবারের সদস্যরাও সঙ্গে থাকেন। তাই এই নিয়মটি মাথায় রেখে ভ্রমণের পরিকল্পনা করতে হবে। ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিগুলোরও উচিত তাদের প্রতিটি ক্লায়েন্টকে বিষয়টি জানিয়ে দেয়া। এই ডিজিটাল অ্যারাইভাল কার্ড প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ এবং কয়েক মিনিটেই পূরণ করা সম্ভব। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সময়মতো সেটি না করলে বিমানবন্দরে যাত্রা বাতিল হওয়ার মতো জটিল অবস্থাও সৃষ্টি হতে পারে।
Editor’s Panel/Habib


